হরতালে ডাকের গাড়ি না চলায়

শিক্ষক পদে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেল না অনেকেই

বানারীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আজ অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ কার্ড না পেয়ে হতাশ হয়ে পড়েছেন শত শত আবেদনকারী। প্রতিদিন তারা উপজেলা সদর ও নিজ নিজ গ্রামের পোস্ট অফিসে কার্ডের খোঁজ নিতে গিয়ে শূন্য হাতে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। বানারীপাড়া উপজেলা থেকে সহকারী শিক্ষক পদে মোট ১৯৭২ জন আবেদন করেন।যার মধ্যে সিংহভাগ আবেদনকারী নারী। এর মধ্যে বৈধ হিসাবে ১৯০৯ জন প্রার্থীর কার্ড ইস্যু করা হয়। জানা গেছে হরতালের কারণে ডাকের গাড়ি চলাচল বন্ধ থাকায় ডাক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় যথাসময়ে ইন্টারভিউ কার্ড পাচ্ছেন না প্রার্থীরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ কার্ড ইস্যু করে ডাকের মাধ্যমে প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে। বানারীপাড়া উপজেলা পোস্ট মাস্টার অজিত কুমার পাইক জানান, লাগাতার হরতালের কারণে গত ৭ এপ্রিলের পর থেকে ডাকের গাড়ি আসা বন্ধ রয়েছে। ডাক বিভাগের গাড়ি হরতালের আওতামুক্ত থাকার পরেও কেন চলছে না এ প্রশ্নের জবাবে তিনি বলেন এটা ডাক পরিবহন সার্ভিসের ব্যাপার।