ভারতীয় পাট বীজে সয়লাব ফুলবাড়ী বাজার

পাট বোনা মৌসুমের শুরুতে কুড়িগ্রামের ফুলবাড়ীর হাটবাজার দখল করেছে ভারতীয় পাট বীজ। চোরাকারবারীদের সহযোগিতায় বাজারগুলোতে প্রকাশ্যে ওই পাট বীজ বিক্রি হচ্ছে। প্রকাশ প্রতিদিন সীমান্তে পাচার হয়ে আসছে নিম্নমানের ভারতীয় পাট বীজ । এতে কৃষকরা প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। জানা গেছে, উপজেলার ৪০ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে পাট মৌসুমের শুরুতেই চোরাকারবারীরা ভারতীয় পাট বীজ নিয়ে তত্পর। দু’দেশের চোরাকারবারীরা রাত-দিন সুযোগ বুঝে পাচার করে নিয়ে আসছে পাট বীজের কার্টন। তারা সীমান্তঘেঁষা একশ্রেণীর অসাধু বাড়িতে কার্টনগুলো প্রথমে জড়ো করে পরবর্তীতে লাইন ঘাট ঠিকঠাক করে পাচার করে দিচ্ছে বাংলাদেশে। উল্লেখ্য, ভারতীয় ঐ বীজ আসছে গোরক মন্ডপ, নামাটারী, কৃষ্ণনান্দ বকসী, ধুলার কুটি, গজেরকুটি, কালিষা কোটাল, কুরুষা ফেরুষা, জাইগিরটারী, উত্তর শিমুলবাড়ী, জোম্মার পার, বিদ্যাবাগিশ ঠোস, নাখারজান, গংগার হাট কমলাটারী, কাশিয়াবাড়ী, ধর্মপুর, অনন্তপুর, নাগরাজ, ডিগির পাড় ও রামখানা সীমান্ত দিয়ে। এ বীজের প্যাকেটে রয়েছে ভারতের কুচবিহার ও দিনহাটার বিভিন্ন কোম্পানির নাম। প্রতি প্যাকেট বাজারে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা দরে ।