হেফাজতে ইসলাম জঙ্গি সংগঠন

চট্টগ্রামের ১৪ দল নেতা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটি একটি জঙ্গি সংগঠন। গত সোমবার এই সংগঠনটি হরতাল আহবানের নামে চট্টগ্রামসহ সারাদেশে তাদের জঙ্গি তত্পরতার মহড়া দিয়েছে। তারা গাড়িতে আগুন দেবে, মানুষ মারবে, সম্পদ ধ্বংস করবে, বোমা মারবে আর আমার ছেলেরা তাকিয়ে তাকিয়ে দেখবে তা হতে পারে না। যদি আমাদের ছেলেদেরকে আমি নির্দেশ দিই তাহলে পরিণতি ভালো হবে না। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে ১৪ দল চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হেফাজতে ইসলামের হরতাল চলাকালে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের সশস্ত্র মহড়া বিষয়ক অভিযোগের প্রেক্ষিতে এবং দেশের সামপ্রতিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হেফাজত ইসলামের নেতা মুফতি ইজহারুল ইসলামের লালখান বাজার মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় এই তথ্য তুলে ধরে তিনি বলেন, এই মাদ্রাসা থেকে আফগানিস্তানে ২০ হাজার লোক পাঠানো হয়েছিল। তার মধ্যে ১০ হাজার ফিরেছে, বাকি ১০ হাজার সেখানে মারা গেছে।