গাজীপুরে পোশাক কারখানায় সন্ত্রাসীদের গুলি

গাজীপুরে একটি পোশাক কারখানায় গুলি করে আতংক সৃষ্টি করেছে সন্ত্রাসীরা। এ সময় আতংকিত হয়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সদরের বারবৈকা এলাকার মোশারফ টাওয়ারে প্রভাতী সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে একদল সন্ত্রাসী ওই সোয়েটার কারখানায় এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় কারখানার দ্বিতীয় তলায় টাওয়ারের মালিক হাজী মোশারফ হোসেনের স্ত্রী ও সন্তানেরা অবস্থান করছিলেন। অল্পের জন্য তারা গুলি থেকে রক্ষা পান। এক পর্যায়ে সন্ত্রাসীরা ধারালো ছুরি দিয়ে মোশারফ হোসেনের ছেলে ১০ম শ্রেণির ছাত্র মেরাজ হোসেনকে আঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। টাওয়ার মালিক হাজী মোশারফ হোসেন জানান, স্থানীয় একদল সন্ত্রাসী বিভিন্ন সময়ে তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তারা বিভিন্ন সময়ে কারখানার সুতা ও ফেব্রিক্সের গাড়ি আটকে দেয়। এ ব্যাপারে হাজী মোশারফ হোসেনের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।