বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে ওবামার প্রতি আহ্বান

বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীকে নিরাপত্তা দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহবান জানিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত হিন্দুরা। সম্প্রতি দেশে সংখ্যালঘুুদের উপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় গত বুধবার হোয়াইট হাউসের বাইরে জড়ো হয়ে তারা এ আহবান জানান। একই সঙ্গে জামায়াতে ইসলামিকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করারও আহবান জানান তারা। গতকাল বৃহস্পতিবার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ও ইন্ডিয়ান আমেরিকান ইন্টেলেকচুয়াল ফোরামের সহায়তায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের বাইরে সমাবেশকারীরা ‘বাংলাদেশে তালেবানীকরণ হোক এটা আমরা চাই না, হিন্দুদের রক্ষা কর’ বলে শ্লোগান দেয়। তারা এ ঘটনায় সবাইকে একত্রিত হওয়ার ও বিপন্ন হিন্দুদের রক্ষায় ওবামাকে পদক্ষেপ নেয়ার আহবান জানান। একই সঙ্গে তারা সরকারকে হেট ক্রাইম আইন পাস, সাম্প্রদায়িক ঘটনাগুলো পর্যবেক্ষণ, প্রতিরোধ, জড়িতদের বিচার করতে পারে এমন একটি মনিটরিং সেল গঠন ও সংখ্যালঘু কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠারও আহবান জানান। অন্যদিকে, আমেরিকান ইউনাইটেড ফর হিউম্যান রাইটস আগামী শনিবার নিউইয়র্কে আমেরিকান মুসলিমদের এক বিশাল সমাবেশ করার ঘোষণা দিয়েছে। এ সমাবেশে একটি স্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের আহবান জানানো হবে। যাতে বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান নিশ্চিত হয়।