বিআরটিসিতে এখনো দুর্নীতি-অনিয়ম চলছে :যোগাযোগ মন্ত্রী

যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থা বিআরটিসিতে এখনো দুর্নীতি ও অনিয়ম চলছে। এর মূলোত্পাটন করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, বিআরটিসি দীর্ঘদিন ধরে লোকসান দিয়ে আসছিল। ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন, রুট সম্প্রসারণ এবং পর্যাপ্ত সংখ্যক একতলা ও দুইতলা বাস সংগ্রহ করায় সংস্থাটি এখন লাভের মুখ দেখছে। গতকাল বৃহস্পতিবার মতিঝিলস্থ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সদর দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গত সাড়ে ৪ মাসে হরতাল ও ভাঙচুরের কারণে বিআরটিসি বিপুল অংকের রাজস্ব হারিয়েছে। অগ্নিসংযোগ, ভাঙচুর ও অন্যান্য কারণে সংস্থার আর্থিক ক্ষতি হয়েছে ১৭ কোটি ৮৫ লাখ টাকা। এ সময় বিআরটিসির বহরে সদ্য যোগ হওয়া তিনটি ডিটেইল ও পাঁচটি পুরনো বাস দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এছাড়া ভাঙচুর হয়েছে অসংখ্য বাস। মন্ত্রী বলেন, রাজধানী ঢাকার পর এবার দেশের বিভিন্ন মহানগরীর প্রত্যেকটিতে যাত্রী সেবার লক্ষ্যে দুটি করে আর্টিকুলেটেড বাস চালু করা হবে। বিদেশ থেকে ৪৪টি আর্টিকুলেটেড বাস ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। আরো ৬টি কয়েক দিনের মধ্যে আসবে।