সরকারের পতন ঘটিয়ে
ছাত্র-জনতা ঘরে
ফিরবে: জামায়াত
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ২২:২৫
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে দেশের প্রতিটি মানুষ আজ প্রতিরোধ গড়ে তুলেছে। গণগ্রেফতার, গণনির্যাতন, গণহত্যা চালিয়ে এ আন্দোলন বন্ধ করা যাবে না। ছাত্র-জনতা এই জালিম সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরবে। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে তুলছে। তিনি বলেন, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে সরকার ততই জুলুম নিপীড়নের মাত্রা বৃদ্ধি করছে। সরকার পুলিশকে রাষ্ট্রীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। পুলিশ জনগণের ওপর সরাসরি গুলি চালিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। পুলিশের ভূমিকায় দেশের পরিস্থিতি ক্রমাগতভাবে অবনতির দিকে যাচ্ছে। নিম্ন আদালত আজ রাজনৈতিক স্বার্থে ব্যবহূত হচ্ছে। সরকারের এই জুলুম ও নিপীড়নের হাত থেকে দেশবাসী মুক্তি চায়।