ফণীর কারণে ফসলের ক্ষতি সাড়ে ৩৮ কোটি টাকা: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফণীর কারণে ৩৮ কোটি ৫৪ লাখ দুই হাজার ৫০০ টাকার ফসলের ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আব্দুর রাজ্জাক বলেন, দেশের ৩৫ জেলার ২০৯টি উপজেলার ৬৩ হাজার হেক্টর জমির বোরো, সবজি, ভুট্টা, পাট ও পান ফসলের আংশিক ক্ষতি হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার ৬০৯ হেক্টর জমির বোরো ধান, তিন হাজার ৬৬০ হেক্টরের সবজি, ৬৭৭ হেক্টর জমির ভুট্টা, ২ হাজার ৩৮২ হেক্টর জমির পাট এবং ৭৩৫ হেক্টর জমির পানের ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে ১৩ হাজার ৬৩১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়।

আরো পড়ুন: এবার মেক্সিকোতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩

ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা উপকূলে ঘণ্টায় প্রায় ২০০ থেকে ২১০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস নিয়ে আঘাত হানে। বাংলাদেশে ঢোকার সময় এর গতি ১০০ থেকে ৮০ কিলোমিটারে নেমে এসেছিল। 

ইত্তেফাক/এমআই