আজ সারাদেশে হেফাজতের প্রতিবাদ সমাবেশ

অবিলম্বে ১৩ দফা দাবি বাস্তবায়ন, নেতাকর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের বিচার এবং ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকালে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে ধর্মভিত্তিক এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় দেশব্যাপী ওলামা-মাশায়েখ, মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও নেতাকর্মীদের গ্রেফতার, পুলিশি হয়রানি ও বিভিন্ন মাদ্রাসায় সরকারের মদদপুষ্ট বিভিন্ন সংগঠনের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে এসব বন্ধে কার্যকর ভূমিকা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সংগঠনের আমীর দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক এবং বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা হাফেজ শামসুল আলম, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, যুগ্ম-মহাসচিব মাওলানা লোকমান হাকিম প্রমুখ। সভায় আল্লামা শাহ আহমদ শফী মাহমুদুর রহমানকে ‘সত্য প্রকাশে আপোষহীন সাহসী এক বীর যোদ্ধা’ বলে অভিহিত করে তাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও অবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবি জানান। তিনি হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে অভিযোগ করে বলেন, সরকার আমাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে এখন সম্পূর্ণ উল্টো অবস্থান নিয়েছে। তিনি পুলিশের হামলায় আহতদের ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান।