বাকেরগঞ্জে নদীতে ডুবে যাওয়া বাস উদ্ধার
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৫
বাকেরগঞ্জের রাঙ্গাবালী নদীর গোমা এলাকায় গত বুধবার বিকালে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিমজ্জিত যাত্রীবাহী বাস মায়ের আঁচল নদী থেকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ৮ ঘণ্টা পর রাত ১২টায় জেলা পুলিশের উদ্ধারকারী যান রেকার-ফায়ার সার্ভিস ও ডুবুরিদের প্রচেষ্টায় বাসটি উদ্ধার করা হয়।
উদ্ধারকালে বাস থেকে বৃষ্টি (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। সে চরকাউয়া এলাকার খোকন অধিকারীর মেয়ে। অপর যাত্রীদের মধ্যে ১৫ জন সাঁতরে তীরে উঠলেও প্রত্যেকেই কম-বেশি আহত হয়েছে। দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়া উদ্ধারকারী জলযান হামজা রাত ১২টায় বাস উদ্ধারের খবর পেয়ে বরিশাল ফিরে আসে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম ইত্তেফাককে জানান, ভোর ৫টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নৌ-বাহিনী ও কোস্টগার্ডের দুটি পৃথক দল তল্লাশি চালালেও কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কাজ সম্পন্ন হলেও এ পর্যন্ত নিখোঁজ দাবি নিয়ে কেউ তাদের সাথে যোগাযোগ করেননি।