স্কাইপে সংলাপ প্রকাশ করে মাহমুদুর রহমান অন্যায় করেননি
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৭
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এটর্নি জেনারেল এডভোকেট এজে মোহাম্মদ আলী বলেছেন, আমার দেশ পত্রিকায় স্কাইপ সংলাপ প্রকাশ করে মাহমুদুর রহমান কোনো অন্যায় করেননি, বরং বিচার বিভাগের স্বচ্ছতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, সরকার হীন উদ্দেশ্য চরিতার্থ করতে মাহমুদুর রহমানের মত একজন নির্ভীক-সাহসী ও স্বাধীনচেতা সাংবাদিককে গ্রেফতার করেছে। এর পরিণাম কখনো শুভ হতে পারে না। গতকাল বৃহস্পতিবার বিকেলে সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক প্রেস-ব্রিফিংয়ে সমিতির সভাপতি এ কথা বলেন। এ সময় সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, সহ-সভাপতি এবিএম ওয়ালিউর রহমান খান, সহ-সম্পাদক এবিএম রফিকুল হক তালুকদার, কোষাধ্যক্ষ রবিউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস-ব্রিফিং হতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান
এজে মোহাম্মদ আলী বলেন, বর্তমান সরকার ক্ষমতা পাকাপোক্ত করার দূরভিসন্ধিতে আদালতের উপর সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীন মত প্রকাশের অধিকারকে অসাংবিধানিকভাবে নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছে। সমিতির নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানায়।