বন্দরনগরীতে নববর্ষের অনুষ্ঠান হবে ৪ স্থানে ভোর থেকে রাত পর্যন্ত
সৈয়দ আবদুল ওয়াজেদ, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৮
চট্টগ্রামে উত্সবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রবিবার নগরীর ৪টি স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠানমালা ভোর থেকে রাত পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানান। শনিবার বিকেল থেকে ১৪১৯-কে বিদায় জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হবে। মহানগরী পুলিশ ও র্যাব এই দু’দিনই অনুষ্ঠানস্থল সহ সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সবকিছুর উপর নজরদারি করবে।
এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্থানে বৈশাখী মেলায় স্টল ও দোকান বরাদ্দ নিয়ে একশ্রেণীর লোকের মেলা বাণিজ্যের তত্পরতায় এবছরও মেলায় আসা সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। ব্যবসায়ীদের অভিযোগ, রাস্তা ফুটপাতে চক দিয়ে সীমানা চিহ্নিত করে বেশ কিছু উঠতি তরুণ ও বিভিন্ন সংগঠনের ক্যাডার বলে দাবিদার ব্যক্তিদের কিছু গ্রুপ টাকা দাবি করছে। তবে মেলা ও উত্সব আয়োজনকারী সংগঠনের কর্মকর্তারা জানান তারা দোকান স্টল বরাদ্দের নামে কারো কাছ থেকে কখনোই টাকা নেন না। এগুলো কারা করছে এব্যাপারেও তারা অবগত নন বলে জানান।
অপরদিকে চট্টগ্রামে বর্ষবিদায় ও বর্ষবরণ উত্সব উদযাপনকে ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণের কথাও জানানো হয়েছে সংগঠনগুলোর পক্ষ থেকে। চারুশিল্পীরা বিভিন্ন লোকজ শিল্পের বিশাল বিশাল প্রতিকৃতি ও রোপ্লিকা বহন করে ১৪ এপ্রিল ভোরে নগরীতে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করবে। এবার নববর্ষের অনুষ্ঠানমালা হবে নগরীর ডিসি হিল পার্ক, সিআরবি’র সবুজ পাহাড়ি চত্বর, বাকলিয়া স্টেডিয়াম ও চট্টগ্রাম প্রেসক্লাবে। এছাড়াও নগরীর বিভিন্ন অভিজাত হোটেল ও রেস্তোরাঁয় এদিন পান্তা-ইলিশ, দই-মুড়ি-খই সহ নানা ধরনের বাঙালি খাবার উত্সবের আয়োজন থাকবে। সেই সাথে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বরাবরের মতো পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে ডিসি হিল ও সিআরবি চত্বরে বৈশাখী মেলা বসবে। বাকলিয়া স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মেলা বসবে।