সংবিধান সংশোধনে বিজেপি ও ভারত সরকার ঐকমত্য
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ২২:৩৮
বাংলাদেশের সঙ্গে স্থল সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী রাজনৈতিক দল বিজেপি’র সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে ভারতের ইউপিএ সরকার। আগামী বাজেট অধিবেশনে এ সংক্রান্ত বিল উত্থাপন করা হবে। গতকাল বৃহস্পতিবার ভারতের ইংরেজি দৈনিক দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, স্থল সীমানা বিরোধের ফলে প্রতিবেশী দুটি দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বিঘ্নিত এবং ৫০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্থলসীমানা বিরোধ নিষ্পত্তির ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্য ও পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমানা রয়েছে। সীমান্ত বিরোধের নিষ্পত্তি ঘটলে বাংলাদেশে ভারতের ১১১টি ছিটমহল ও ভারতে বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দারা উপকৃত হবেন। নতুন সীমানা বিল অনুমোদিত হলে ভারত ১০ হাজার একর জমি হারাবে বলে খবরে উল্লে¬খ করা হয়। ভারতের বর্তমান ইউপিএ সরকার দুই দেশের মধ্যে স্থলসীমানা চিহ্নিত ও ছিটমহলের বাসিন্দাদের নাগরিক অধিকার প্রদানে একটি চুক্তিতে পৌঁছাতে বিজেপিসহ বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকা সফরকালে প্রস্তাবিত স্থলসীমান্ত প্রটোকল ও ছিটমহল বিনিময় সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।