বটিয়াঘাটায় বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, লাশ বিলে
আব্দুল হামিদ, বটিয়াঘাটা (খুলনা)
প্রকাশ : ১১ এপ্রিল ২০১৩, ২২:৪০
উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের নোয়াইলতলা গ্রামে এক বৃদ্ধকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন ভাই ও তিন ভাতিজার হাতে তিনি খুন হয়েছেন। পুলিশ জানায়, ইঞ্জিল সেখ নামের ওই বৃদ্ধ (৬৫) বুধবার রাতে ভান্ডারকোট থেকে বাড়ি ফেরার পথে আড়ুয়াডাঙ্গায় বিলের মধ্যে পৌঁছালে আগে থেকে সেখানে ওত পেতে থাকা তার বড় ভাই ইদ্রিস সেখ ও তার তিন পুত্র ধারালো দা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ইঞ্জিল সেখকে নৃসংশভাবে কোপাতে থাকে। দায়ের কোপে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে।
বটিয়াঘাটা থানার ওসি এনামুল হক ইত্তেফাককে জানান, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো দা দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ইঞ্জিলের সাথে তার ভাইয়ের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে। পুলিশের ধারণা, তারই জের ধরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহত ইঞ্জিল সেখের কন্যা লাকী খাতুন বাদী হয়ে ইদ্রিস ও তার পুত্র মুসা সেখ, মিজান সেখ ও মামুন সেখের বিরুদ্ধে গতকাল বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। পল্লী অঞ্চলে এ ধরনের লোমহর্ষক হত্যাকাণ্ডে স্থানীয় লোকজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।