প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও বাংলা

ষষ্ঠ অধ্যায় (জলবায়ু এবং দুর্যোগ) সুপ্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় তোমাদের সংক্ষিপ্ত ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত ১০টি প্রশ্নের মান ১০ অর্থাত্ প্রতি প্রশ্নে-১ করে। ১ নম্বরের জন্য উত্তর কীভাবে লিখতে হবে আজকে অধ্যায়-৬ থেকে সে বিষয়ে আলাপ করা হলো। প্রশ্ন-১: আবহাওয়া কাকে বলে? উত্তর: কোন স্থানের স্বল্প সময়ের অর্থাত্ ১-৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলে। প্রশ্ন-২: জলবায়ু কাকে বলে? উত্তর: সাধারণত কোন অঞ্চলের ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কেই জলবায়ু বলে। প্রশ্ন-৩: বিশ্বের জলবায়ু পরিবর্তনের কারণ কী কী? উত্তর: বিশ্বের জলবায়ু পরিবর্তনের কারণ হচ্ছে- কলকারখানা, যানবাহনের কালো ধোঁয়া, বন-জঙ্গল কমে যাওয়া, নদী ধ্বংস হওয়া ও জলাধার ভরাট করা ইত্যাদি। প্রশ্ন-৪: সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ কী? উত্তর: বিশ্বের তাপমাত্রা বেড়ে বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন-৫: দুর্যোগের ফলে পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে? উত্তর: দুর্যোগের ফলে বন ধ্বংস হচ্ছে, কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পানি ও বাতাস দূষিত হচ্ছে। প্রশ্ন-৬: বাংলাদেশে জলবায়ু পরিবর্তন জনিত কী কী দুর্যোগ সংঘটিত হচ্ছে? উত্তর: জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশে আইলা ও সিডরের মত ঘূর্ণিঝড় সংঘটিত হচ্ছে। প্রশ্ন-৭: দুর্যোগকালীন সময়ে গৃহহীন মানুষ কোথায় আশ্রয় নেয়? উত্তর: দুর্যোগকালীন সময়ে গৃহহীন মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। প্রশ্ন-৮: দুর্যোগকালীন সময়ে পানিবাহিত কী কী রোগ হয়? উত্তর: দুর্যোগকালীন সময়ে পানিবাহিত ডায়রিয়া, আমাশয়, চর্মরোগ ইত্যাদি রোগ হয়। প্রশ্ন-৯: বাংলাদেশের কয়েকটি প্রধান দুর্যোগের নাম লিখ। উত্তর: বাংলাদেশের প্রধান প্রধান দুর্যোগ হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙ্গন, খরা ও ভূমিকম্প ইত্যাদি। প্রশ্ন-১০: বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকা কোনগুলো? উত্তর: বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকা হচ্ছে- দক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল, উত্তরাঞ্চল, চর, হাওর ও নদী তীরবর্তী অঞ্চল। প্রশ্ন-১১: নদী ভাঙ্গনের প্রাকৃতিক কারণ কী কী? উত্তর: নদী ভাঙ্গনের প্রধান প্রাকৃতিক কারণ হলো জোয়ার-ভাটা ও ভূমিকম্প। প্রশ্ন-১২: নদী ভাঙ্গনের মানবসৃষ্ট প্রধান কারণ কী কী? উত্তর: নদী ভাঙ্গনের মানবসৃষ্ট প্রধান কারণ- অপরিকল্পিত নদী খনন, বালু উত্তোলন ও নদীর তীরবর্তী গাছপালা কাটা ইত্যাদি। প্রশ্ন-১৩: বাংলাদেশে খরার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে কেন? উত্তর: বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যা, অপরিকল্পিত উন্নয়ন, গাছপালা কেটে ফেলা ইত্যাদি কারণে খরার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন-১৪: ভূমিকম্প কাকে বলে? উত্তর: ভূ-অভ্যন্তরে দ্রুত বিপুল শক্তিবিমুক্ত হওয়ায় পৃথিবীপৃষ্ঠে যে ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে। প্রশ্ন-১৫: ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে কবে? উত্তর: ঘূর্ণিঝড় সিডর ১৫ নভেম্বর ২০০৭ সালে আঘাত হানে। প্রশ্ন-১৬: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোন কোন ধরনের দুর্যোগ হয়? উত্তর: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী, টর্নেডো, জলোচ্ছ্বাস, শৈত্যপ্রবাহ ও ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ ইত্যাদি দুর্যোগ হয়। প্রশ্ন-১৭: পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ কোনটি? উত্তর: পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হচ্ছে বাংলাদেশ। প্রশ্ন-১৮: জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।