বিশ্ব অর্থনীতির টুকিটাকি
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ১৬:১৪
আমেরিকার শ্রমবাজারের মন্দাভাব কাটছে না
আমেরিকার শ্রমবাজারের মন্দাভাব কিছুতেই কাটছেই না। গতমাসে মাত্র ৮৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সরকারি তথ্যে জানা গেছে, গত নয়মাসের মধ্যে এটি কর্মসংস্থানের সর্বনিম্ন হার। এর আগের মাসে দুই লাখ ৬৮ হাজার নতুন চাকরি তৈরি হয়েছিল। অথচ অর্থনীতিবিদরা ভেবেছিলেন মার্চে অন্তত দুই লাখ নতুন কর্মসংস্থান হবে। আর কাঙ্ক্ষিত কর্মসংস্থান না হওয়ায় আমেরিকার অর্থনীতি পুনরজ্জীবিত হওয়ার সামর্থ্যে আবারো উদ্বেগ সৃষ্টি হলো। খুচরা কর্মসংস্থান সৃষ্টি না হওয়াই বেশি মানুষের কর্মসংস্থান না হওয়ার অন্যতম প্রধান কারণ। যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, খুচরা খাতে গত মার্চে ২৪ হাজার ব্যক্তি চাকরি হারিয়েছে। একই সঙ্গে আমেরকাির ডাক বিভাগের ব্যয় কাট-ছাঁটের কারণে ১২ হাজার কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মার্চে পুরো আমেরিকায় বেকারের সংখ্যা ছিল ১১ দশমিক ৭ মিলিয়ন।
সাইপ্রাস ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি গায়েব!
সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়ন ও আইএমএফ কর্তৃক দেউলিয়া ঘোষিত সাইপ্রাস ব্যাংকের বন্ড ক্রয় সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্ত কর্তৃপক্ষের তদন্তে কম্পিউটারে রক্ষিত নথিতে একটি বড় ধরনের ফাঁক ধরা পড়ে। গ্রীসে অর্থনৈতিক সংকটের সময় সাইপ্রাসের সবচেয়ে বড় এ ব্যাংকটি বন্ড ক্রয় করে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার লোকসানের মধ্যে পড়ে। সাইপ্রাসের একটি ওয়েবসাইট জানিয়েছে, তদন্ত কর্তৃপক্ষ ব্যাংকের কয়েকটি কম্পিউটারে এমন সফটওয়্যার দেখতে পেয়েছে, যার মাধ্যমে তথ্য মুছে ফেলা যায়।
আসছে বিএমডব্লিউ-টিভিএসের নয়া মোটরবাইক
জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ ও ভারতীয় প্রতিষ্ঠান টিভিএস মোটরস ২০১৫ সালে দুই সংস্থার ব্র্যান্ডে দুটি মোটরবাইক তৈরি করবে। দীর্ঘদিন আলোচনার পর সম্প্রতি প্রতিষ্ঠান দুটি এক সংবাদ সম্মেলনে একত্রে ব্যবসা করার ঘোষণা দিয়েছে। প্রায় একযুগ আগে জাপানি সংস্থা সুজুকির সঙ্গে সম্পর্কচ্ছেদ করে একাই মোটরসাইকেল তৈরির পথে নেমেছিল টিভিএস। কিন্তু পরে হোন্ডা আর সুজুকির সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে ফের পার্টনার খুঁজছিল টিভিএস। একইসঙ্গে ভারতীয় কোনো একটি সংস্থার সঙ্গে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতে চাইছিল বিএমডব্লিউর মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা বিএমডব্লিউ মোটোরাড। জানা গেছে, নতুন বাইক দুটির ইঞ্জিন হবে ৫০০ সিসির কম। বিএমডব্লিউর প্রযুক্তির সাহায্যে বাইক দুটি তৈরি হবে টিভিএসের কারখানায়। এ জন্য ২ কোটি ইউরো বিনিযোগ করবে টিভিএস। বিশ্লেষকরা বলছেন, এর ফলে টিভিএস যেমন উন্নত প্রযুক্তির সুফল পাবে, তেমনি বাইক উত্পাদনের তৈরি অবকাঠামো পাবে বিএমডব্লিউ। তারা বার্লিনের কারখানায় ৬০০ থেকে ১৬০০ সিসির বাইক তৈরি করে। দুই সংস্থাই চাইছে ২৫০ সিসির বেশি এবং ৫০০ সিসির কম ইঞ্জিনের বাইকের বাজার ধরতে।
মিয়ানমারে আসছে ভোডাফোন ও চায়না মোবাইল
মিয়ানমারে মোবাইল ফোন ব্যবসা পরিচালনায় বিশ্বের অন্যতম বৃহত্ মোবাইল ফোন অপারেটর ভোডাফোন ও চায়না মোবাইল একসঙ্গে কাজ করবে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ভোডাফোন জানিয়েছে, এই মুহূর্তে তারা মিয়ানমারে মোবাইল ব্যবসার জন্য লাইসেন্স আবেদন করেছে। আগামী জুন মাসে লাইসেন্স দেয়া হতে পারে। এর ফলে দেশটির সব জায়গাতে আগামী ১৫ বছর ব্যবসা করতে পারবে প্রতিষ্ঠান দুটো। মিয়ানমার সরকার দেশে অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। ২০১৬ সালের মধ্যে দেশের ৮০ ভাগ এলাকা মোবাইল ফোন নেটওয়ার্কের অধীনে আনতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। তবে মোবাইল ফোন এখনো দেশটির অধিকাংশ মানুষের জন্য অত্যন্ত ব্যয়বহুল। মিয়ানমারের জনসংখ্যা ৬০ মিলিয়ন, এই জনসংখ্যার মাত্র ১০ ভাগের হাতে মোবাইল ফোন রয়েছে।