ক্রিকেটার ওয়াশিম আকরামকে বিয়ে করছেন সুস্মিতা সেন
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ১৭:১৬
বলিউডের সাবেক সুন্দরী ও একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুস্মিতা সেন বিয়ে করতে যাচ্ছেন, তাও পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার ওয়াশিম আকরামকে। সমপ্রতি টাইম অব ইন্ডিয়াকে দেওয়া সুস্মিতার এক সাক্ষাত্কারে এই তথ্য প্রকাশ করা হয়। সুস্মিতা বলেন, ‘এটাই আমার জন্য বিয়ের উপযুক্ত সময় বলে মনে করছি। আর দেরি করতে চাই না। নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভালোই ব্যস্ত সময় কাটছে। কিন্তু ভবিষ্যত বা পরিবার নিয়ে ভাবাই হচ্ছে না, তাই এবার আর দেরি করতে চাই না। মনের মানুষের সঙ্গে বিয়ের কাজটা শেষ করে ফেলতে চাই।’ অন্য একটি প্রশ্নে সুস্মিতা বলেন, ‘ওয়াশিম আকরাম আমার খুব ভালো বন্ধু। তার সঙ্গে আমার সবকিছুই মিলে। তাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না।’ তবে সুস্মিতারই ঘনিষ্ট একজন পত্রিকাটিকে নিশ্চিত করেছেন যে, ওয়াশিম আকরামকেই বিয়ে করতে যাচ্ছেন সুস্মিতা। এমন প্রশ্নে বারবার এড়িয়ে যান সুস্মিতা সেন। তবে ওয়াশিমের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে একাধিক সূত্র। এবার দেখা যাক সুস্মিতা সেন কবে নাগাদা বিয়ে করছেন এবং কাকে বিয়ে করছেন। কেননা, কিছুদিন আগে ইমতিয়াজ খাতরি নামক এক ব্যক্তির সঙ্গে সুস্মিতার প্রেমের বিষয়েও বেশ আলোচনার ঝড় উঠেছিল বলিউডে। উল্লেখ্য, দুই সন্তানের মা সুস্মিতা সেন সর্বশেষ ২০১০ সালে ‘নো প্রবলেম’ ছবিতে অভিনয় করেছেন। এরপর তাকে আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি এবং নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধও হননি তিনি।