বড়াইগ্রামে জমি বিরোধে ইউপি সদস্য নিহত আটক ২

নাটোরের বড়াইগ্রামের বাগডোব গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য আব্দুস সালাম দুখু নিহত হয়েছেন। এ ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুস সালাম বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ও বাগডোব গ্রামের শরীফ সরকার ওরফে ধনার ছেলে। জানা যায়, বাগডোব গ্রামের ইদ্রিস আলী ও আব্দুস সালামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ইদ্রিস আলী এবং তার ছেলে মকবুল, গোলাপ, মোবারক ও মনির বিবাদমান ওই জমি থেকে আম গাছের ডাল কাটতে গেলে ইউপি সদস্য আব্দুস সালাম তাতে বাধা দেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ইদ্রিস ও তার ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে সালাম ও তার ভাই চুনু সরকার আহত হন। পরে তাদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে আব্দুস সালামের সমর্থকরা ইদ্রিসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে এলাকাবাসী ও আইন-শৃংঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে। এদিকে, এ ঘটনায় ইদ্রিস আলী ও তার ছেলে মকবুলকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।