মার্কিন সিনেটে অস্ত্র নিয়ন্ত্রণ বিল নিয়ে ভোটাভুটি

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিষয়ে বৃহস্পতিবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উম্মুক্ত ভোটাভুটি হয়েছে। এতে ৬৮-৩১ ভোট পড়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে অস্ত্র ক্রেতাদের ব্যক্তিগত তথ্য বিশদভাবে জানা ও অস্ত্র পাচার রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করা। এছাড়া সামপ্রতিক সময়ে দেশটিতে বিভিন্ন স্কুলে নিরাপত্তা ব্যবস্থা নড়বড়ে হয়ে পড়ায় সেখানকার নিরাপত্তা উন্নত করার জন্য তহবিল আরো বৃদ্ধি করা। সিনেটে ডেমোক্র্যাটিক দলের নেতা হ্যারি রিড আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলের ওপর বিতর্কের জন্য ওইদিনটি নির্ধারণ করেন। মূলত গত বছর ডিসেম্বরে নিউটাউন স্কুলে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২০ শিশুসহ ২৭ জন নিহত হওয়ার পর থেকে দেশটিতে এই অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করা নিয়ে কথাবার্তা উঠে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা হেরি রিড বলেন, পদ্ধতিগত ভোটের মাধ্যমে এ খোলা বিতর্কের পথ তৈরি হলো। আমাদের কঠোর পরিশ্রমের কাজ মাত্র শুরু হয়েছে। এর মাধ্যমে আমরা ১৬ জন রিপাবলিকানের সমর্থন লাভ করতে পেরেছি। আল জাজিরার সংবাদদাতা কিম্বারলি হেলকেট ওয়াশিংটন ডিসি থেকে বলেছেন, সিনেটে এ ভোট হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ বিলের পক্ষে একটা গুরুত্বপূর্ণ বিজয়। তবে এখনও ৩০ ঘন্টার বিতর্ক সামনে রয়েছে। এর জন্য কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এখন রিপাবলিকানরা চেষ্টা করছে এর বিরুদ্ধে সমর্থন যোগাতে। কেননা এই আইনটি পাস হলে অস্ত্র কেনার ক্ষেত্রে ক্রেতাদের কঠোর নিয়মের যাঁতাকলে পড়তে হবে। ২৯ জন রিপাবলিকান এবং দুইজন ডেমোক্র্যাট এই অস্ত্র নিয়ন্ত্রণ ভোটের বিরুদ্ধে অবস্থান নেন। তবে নতুন এই অস্ত্র নিয়ন্ত্রণ বিলটি যদি সিনেটে পাসও হয়, এর জন্য তাদেরকে রিপাবলিকানদের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জর সন্মুখীন হতে হবে।