নরসিংহপুর ফেরিঘাট শরীয়তপুরেই থাকবে

নৌমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০০১ সালে উদ্বোধনকৃত শরীয়তপুর-চাঁদপুর ফেরি সার্ভিসের পশ্চিমপাড়ের নরসিংহপুর ঘাটটি শরীয়তপুরের সীমানাতেই থাকবে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম-খুলনা মহাসড়কের শরীয়তপুর-চাঁদপুর সীমানার মেঘনা নদীর ফেরিঘাট ও নৌ-রুট পরিদর্শনকালে ঘাটে সমবেত ভেদরগঞ্জ উপজেলার জনগণের বিভিন্ন দাবির প্রেক্ষিতে একথা বলেন। মন্ত্রী নদী খননসহ ঘাটের উন্নয়নের জন্য সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় ফেরিঘাটের পাশে চাঁদপুর জেলার ইব্রাহিমপুর ইউনিয়নের পক্ষ থেকে আলাদা একটি সমাবেশ ডেকে সেখানে মন্ত্রীকে নিতে চাইলেও শরীয়তপুরবাসীর প্রতিরোধের মুখে মন্ত্রী সেখানে না গিয়ে সরাসরি নদীর পূর্ব পাড়ে চাঁদপুরের হরিনা ঘাটে চলে যান। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা প্রমুখ। মন্ত্রী ঘাটের উন্নয়নে প্রয়োজনীয় জমি বরাদ্দ দেয়ার জন্য স্থানীয় জনগণকে আহ্বান জানালে এলাকাবাসী মন্ত্রীকে জমিসহ সকল অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। অপরদিকে ইব্রাহিমপুরের জনসভায় মন্ত্রী যোগ না দেয়ায় ওখানকার সভা আহ্বানকারীরা ইব্রাহিমপুরের সাধারণ জনগণকে বিক্ষুব্ধ করে তোলে। তারা মন্ত্রীকে বহনকারী বিআইডব্লিউটিএ’র জাহাজটি আটকানোর চেষ্টা করে। এতে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরসেন্সাস এলাকার জনগণ সমবেত হয়ে তাদের বাধা দিলে পিছু হটতে বাধ্য হয় ইব্রাহিমপুরের মানুষ।