চট্টগ্রাম বন্দর
লাইটারেজ শ্রমিকদের একাংশের কাজে যোগদান, পণ্য খালাস স্বাভাবিক হয়নি
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২১:০৪
টানা ৬ দিন ধর্মঘটের পর লাইটারেজ শ্রমিক ইউনিয়নের একাংশ গত বৃহস্পতিবার থেকে কাজে যোগদান করেছে। কাজে যোগদানকারী শ্রমিকদের পরিমাণ একেবারেই সীমিত। তাই জাহাজ থেকে পণ্য খালাসে কার্যক্রম এখনো স্বাভাবিক হয়ে আসেনি। জানা যায়, অভ্যন্তরীণ নৌ-পথে চলাচলকারী প্রায় ১ হাজার লাইটারেজ জাহাজ রয়েছে। এর মধ্যে ১৩০টির মত জাহাজ কারখানা মালিকদের নিজস্ব। শ্রমিকেরা ২০ শতাংশ বর্ধিত ভাতা প্রদানের জন্য গত ৪ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করে। গত কয়েকদিন ধরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে জাহাজ মালিক ও শ্রমিক সংগঠনের সাথে কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।
সূত্র জানায়, যে সমস্ত কারখানা মালিকের নিজস্ব জাহাজ রয়েছে তারা আগে থেকেই ২০ শতাংশ বর্ধিত ভাতা দিয়ে আসছে। তবে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের অধীনে যে সব জাহাজ রয়েছে তারা ২০ শতাংশ বর্ধিত ভাতা দিতে পারছে না। ফলে বৃহস্পতিবার কারখানা মালিকদের জাহাজে শ্রমিকেরা কাজে যোগদান করলেও মালিক সমিতির অধীনে থাকা জাহাজের শ্রমিকরা ধর্মঘট অব্যাহত রেখেছে। এসব জাহাজের মালিকেরা সরকারকে জানিয়ে দিয়েছে, তাদের পক্ষে শ্রমিকদের ২০ শতাংশ বর্ধিত ভাতা প্রদান করা সম্ভব নয়। কারণ পণ্য আমদানি কমে যাওয়ায় মাসে এক ট্রিপও ভাড়া পাওয়া যাচ্ছে না। এতে লোকসান দিতে হচ্ছে।