আশুলিয়ায় গীলড্রেন গার্মেন্টস সাময়িক বন্ধ ঘোষণা

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকার নিকটস্থ আশুলিয়া শিল্পাঞ্চলের পলাশবাড়ীর গীলড্রেন শাহরিয়ার ফেব্রিক্স ইন্ডাস্ট্র্রিজ লিমিটেড নামের তৈরি পোশাক কারখানা বৃহস্পতিবার সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আশুলিয়া জোনের শিল্প পুলিশ-১ এর পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, তিনদিন আগে শাহরিয়ার ফেব্রিক্স ইন্ডাস্ট্র্রিজ লিমিটেডের শ্রমিকরা প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ডিজিএম শাহিন মিয়ার অপসারণের দাবিতে আন্দোলন করেন। এ পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তা কারখানায় আসা বন্ধ করে দেন। পরে শ্রমিকরা তাদের ভুল বুঝতে পেরে ওই কর্মকর্তার কাজে যোগদানের দাবি জানিয়ে গত বুধবার থেকে কর্মবিরতি ও বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেন। আজ শনিবার কারখানাটি ফের খোলার কথা রয়েছে।