মেহেরপুর ও ছাতকে ডাকাতের হাতে পাঁচ পুলিশসহ আহত ১০

মেহেরপুরে গত বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতের হামলায় পাঁচজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। অন্য ঘটনায় একই দিন সন্ধ্যায় ছাতকে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতের হামলায় পাঁচ পুলিশ আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে—গত বৃহস্পতিবার গভীর রাতে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের কুঠিপাড়ার আনারুলের বাড়িতে ১০-১৫ জনের এক দল ডাকাত ডাকাতিকালে বাধা দিলে ডাকাতরা কুপিয়ে ওই পরিবারের মিজানুর রহমান, শরিফ, জসিম, জাহাঙ্গীরসহ পাঁচজনকে আহত করে। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলা যাওয়া চারটি তাজা বোমা উদ্ধার করা হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সির নেতৃত্বে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতদের হামলায় এএসআই বশির আহমদ, আনোয়ার হোসেন, মতিয়ার রহমানসহ পাঁচ পুলিশ আহত হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো—মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তেরাইখেলা গ্রামের নিজামউদ্দিন এবং সিলেটের জালালাবাদ থানার আলী নগর গ্রামের আব্দুল কাহার। ওসি শাহজালাল মুন্সি জানান—গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাতক, বিশ্বনাথ, জালালাবাদসহ বিভিন্ন থানায় ২২টি ডাকাতি মামলা রয়েছে। ছাতক উপজেলার জাতুয়া, আলাপুর, বুড়াইরগাঁও, রংপুর, বরাংপার, রহমতবাগ ও গণক্ষাই গ্রামে ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে গ্রেফতারকৃত ডাকাতরা পুলিশের কাছে স্বীকার করেছে।