জামায়াত-বিএনপির সঙ্গে
আওয়ামী লীগের সংঘর্ষে
জলঢাকায় দুই মামলা
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২২:০৯
নীলফামারীর জলঢাকা উপজেলার বঙ্গবন্ধু হাটে গত বৃহস্পতিবার জামায়াত-শিবির ও বিএনপি কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মারপিট, মোটর সাইকেল ভাংচুর ও দোকানপাট লুটের ঘটনায় জলঢাকা থানায় ১৩৮ জনকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাপস কুমার পণ্ডিত জানিয়েছেন, কালীগঞ্জ গোলনা এলাকার দীলিপ কুমার দ্রুত বিচার আইনে ২৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। অপর মামলাটি করেছেন তালুক গোলনা গ্রামের মনিরুজ্জামান মনির। এতে ২৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে আটক জামায়াত-শিবিরের রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আমজাদ হোসেন, আবুল কালাম ও রোকনকে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এজাহারভুক্ত আসামিরা পলাতক, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।