হরতালের প্রতিবাদে যশোরে
এইচএসসি পরীক্ষার্থীদের
মানববন্ধন
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২২:১১
এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে বার বার হরতাল ও পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থী। শুক্রবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের সমানে যশোর সরকারি এমএম কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, শাহীন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হরতাল বিরোধী নানা শ্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নিয়ে মানববন্ধন করছি না। শিক্ষার্থীর স্থান পড়ার টেবিল। সেই পড়ার টেবিল থেকে শিক্ষার্থীদের আজ রাস্তায় নেমে আসতে বাধ্য করছে রাজনৈতিক দলগুলো। এইচএসসি পরীক্ষার মধ্যে কারণে-অকারণে ডাকা হচ্ছে হরতাল। আর এ কারণে পরিবর্তন করা হচ্ছে পরীক্ষার সময়সূচি। কর্তৃপক্ষের অসামঞ্জস্যপূর্ণ সময়সূচিতে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হরতালে দেশের প্রায় ১২ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত্। তাই তাদের কথা বিবেচনা করে এইচএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখার আহবান জানাচ্ছি। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন এহতেশাম কবীর, শাহদাত্ শাহরিয়ার, মেহজাবীন ইয়াসমিন প্রমুখ।