ধরাছোঁয়ার বাইরে ইলিশ

এক হালি ইলিশের দাম ২২ হাজার টাকা! দাম শুনে ক্রেতারা ভড়কে গেলেও ইলিশ তাদের চাই। পান্তাভাতে এক টুকরো ইলিশ ছাড়া যেন নববর্ষকে বরণ করা হয় না! সে কারণেই রাজধানীর কাওরান বাজারে ২২ হাজার টাকাতেই এক হালি ইলিশ মাছ বিক্রি হলো। শুধু কাওরান বাজার নয়, রাজধানীর বাজারগুলোতে গতকাল শুক্রবার ইলিশের দাম ছিলো একই রকম। বাজার ঘুরে জানা যায়, গত এক সপ্তাহ থেকে ইলিশের দাম বাড়তি। ফলে কিনতে গিয়ে হতাশ হতে হচ্ছে ক্রেতাদের, আর দাম চেয়ে বিপাকে পড়তে হচ্ছে বিক্রেতাদের। তারা বলছেন, প্রতিবছরই পহেলা বৈশাখের আগে ইলিশের দাম বাড়ে। আর গেল সপ্তাহে টানা হরতাল থাকায় চাহিদার তুলনায় সরবরাহ কম। এজন্য দামটাও বেশি। একদিন পর পহেলা বৈশাখ। নববর্ষ বরণে চাই পান্তা-ইলিশ খাওয়া। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দাম হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের। তারা বলছেন, এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি ইলিশ ১৫০-২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। অপেক্ষাকৃত বড় মাছের দাম বেড়েছে আরো বেশি। গতকাল রাজধানীর কাওরান বাজারে ৩০০ গ্রামের প্রতিটি ইলিশ ৪০০ টাকা ও ৫০০ গ্রাম ওজনেরটি ৭০০ টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগেও এর দাম ১৫০-২০০ টাকা কম ছিল। মাছ ব্যবসায়ী মো. মাসুদ রানা বলেন, প্রতিদিনই ইলিশের দাম বাড়ছে। গতকাল এক হালি ইলিশ ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে। চারটির ওজন হবে সাড়ে ৬ কেজি। আর ১৮ হাজার টাকায় যে এক হালি বিক্রি করেছি এর ওজন হবে ৫ কেজি। এছাড়া পলাশীর বাজারে ৫০০ গ্রামের প্রতিটি ইলিশ ৭০০-৮০০ টাকা ও ৬০০ গ্রামের ইলিশ ১ হাজার টাকায় বিক্রি হয়। ব্যবসায়ীরা জানান, নববর্ষ উপলক্ষে ইলিশের চাহিদা বাড়ছে। তবে সরবরাহ আগের চেয়ে কমেছে। হাতিরপুল বাজারের ইলিশ কিনতে এসে রীতিমতো গলদঘর্ম চাকরিজীবী রাকিবুল ইসলাম। একটি বেসরকারি ফার্মের মার্কেটিং অফিসার। তিনি বলেন, সবার সাথে মিলে পহেলা বৈশাখ উদযাপন করতে চেয়েছিলাম। এজন্য ইলিশ কিনতে আসা। কিন্তু ইলিশের যে দাম তা কিনলে মাসের শেষে না খেয়েই থাকতে হবে। এক হালি দাম হেঁকেছে আট হাজার টাকা। তারপরও দেখছি একটু কম দামে পাওয়া যায় কি না। উল্লেখ্য, দেশীয় বাজারে ইলিশের সরবরাহ বাড়াতে গত বছরের ৩১ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি হয়। ব্যবসায়ীদের অভিযোগ, এখনো চোরাপথে ভারতে বিপুল পরিমাণ ইলিশ যাচ্ছে। মত্স্য অধিদফতর সূত্রে জানা গেছে, বিশ্বের মোট ইলিশের প্রায় দুই-তৃতীয়াংশ ধরা হয় বাংলাদেশে। দেশে মোট উত্পাদিত মাছের প্রায় ১২ শতাংশই ইলিশ। ২০০৭-০৮ অর্থবছরে ইলিশের উত্পাদন ছিল ২ লাখ ৯০ হাজার টন। চার বছরের ব্যবধানে ২০১১-১২ অর্থবছরে এর উত্পাদন বেড়ে হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৫০০ টন। ২০১১-১২ অর্থবছরের ইলিশ রফতানি হয়েছে ৬ হাজার ১৭৩ টন, যা থেকে আয় হয়েছে ২৯৪ কোটি টাকা। আগামী ২০১৪-২০১৫ অর্থবছরে ইলিশ উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৯৬ হাজার টন। এদিকে, আমাদের গোয়ালন্দ সংবাদদাতা জানান, গতকাল শুক্রবার পদ্মা সংলগ্ন গোয়ালন্দ ও দৌলতদিয়ায় ইলিশের চরম আকাল ছিলো। দামও আকাশছোঁয়া। দুই-চারটা যাও পাওয়া যাচ্ছে দাম জনসাধারণের নাগালে নেই। রাজধানী মুখী কিছু বিত্তবান মানুষ বেশি দামে তা কিনে নিচ্ছে।