মির্জাপুরে বঙ্গবন্ধুর উপর দুর্লভ ছবির প্রদর্শনী
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২২:৪৪
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিসংগ্রামের সময়ের দুর্লভ ছবি প্রদর্শন করা হয়েছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু ট্রাস্টের উদ্যোগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী কমপ্লেক্সের ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের এ দুর্লভ ছবি দেখানো হয়েছে । মুক্তিযুদ্ধের সময় দৈনিক ইত্তেফাকের যে ভূমিকা ছিল এবং যেসব ছবি ও নিউজ ছাপা হয়েছিল সেগুলোর পেপার কাটিং ও ছবি প্রদর্শনীতে স্থান পায়। এই দুর্লভ ছবি ও নিউজ দেখে শিক্ষক ও ছাত্রীরা আবেগ আপ্লুত হন।
ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষা প্রফেসর মনিকা দেবী বড়ুয়া ও ভাইস প্রিন্সিপাল মোঃ গোলাম কিবরিয়া জানান, ছবি প্রদর্শনীতে মহান মুক্তিযুদ্ধের উপর দুর্লভ ৫২ টি ছবি স্ক্রিন প্রিন্টে দেখানো হয়েছে। ভারতেশ্বরী হোমসের সহস্রাধিক ছাত্রী ছাড়াও হোমসের শিক্ষক-কর্মচারী, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের ছাত্রী-শিক্ষক, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজের ছাত্রীরা এ দুর্লভ ছবি দেখে মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন। বিকালে ভারতেশ্বরী হোমসের পিপিএম হলে মুক্তিযুদ্ধের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষা প্রফেসর মনিকা দেবী বড়ুয়া, ভাইস প্রিন্সিপাল মোঃ গোলাম কিবরিয়া, বঙ্গবন্ধু ট্রাস্টের কর্মকর্তা কাজী সাজ্জাদ জহির বীরপ্রতীক এবং ক্যাপ্টেন(অবঃ) শওকত আলী প্রমুখ।