হেফাজতের এখন ১৪ দফা
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২২:৪৫
ইতিপূর্বে ঘোষিত ১৩ দফা দাবির পাশাপাশি দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেছে হেফাজতে ইসলাম। এটি তাদের ১৪তম দাবি বলে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে মাহমুদুর রহমানকে মুক্তি না দেয়া হলে সারাদেশে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছে তারা। তাছাড়া আমার দেশ প্রকাশে বাধা দিলে চট্টগ্রামে অন্য পত্রিকা ঢুকতে দেয়া হবে না মর্মেও তারা সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি হারুন ইজহার। সমাবেশে মুফতি হারুন ইজহার বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির সঙ্গে আজ থেকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি সংযোজন করা হল। এখন থেকে হেফাজতে ইসলামের দাবি ১৩ দফার পরিবর্তে ১৪ দফা।
৬ এপ্রিলে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলাম তার লংমার্চ পরবর্তী মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল চট্টগ্রামের আন্দরকিল্ল¬া শাহী জামে মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সিরাজু্দ্দৌলা রোড, দেওয়ান বাজার, প্যারেড কর্নার হয়ে চকবাজার অলিখাঁ মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা ইলিয়াস ওসমানী বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফার বিষয়ে কিছু বামপন্থী বুদ্ধিজীবী গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের প্রতি আমি এই ‘অপকর্ম’ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।