হেফাজতের সঙ্গে বিএনপির যোগসাজস নেই
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২২:৪৫
‘হেফাজতে ইসলামকে দিয়ে বিএনপি সরকার পতনের ষড়যন্ত্র করেছিল’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। আশরাফের এ বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা-আজগুবি দাবি করে হান্নান শাহ বলেন, হেফাজতের সঙ্গে আমাদের কোনো যোগসাজশ নেই। হেফাজতে ইসলাম সরকার পতনের জন্য ঢাকায় আসেনি, তারা তাদের ঈমানি দায়িত্ব পালন করতেই ঢাকায় এসেছিল। আসলে সরকারই আলেম সমাজকে নিয়ে ধোঁকাবাজি করছে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ফ্রি থিংকার্স ফোরাম আয়োজিত ‘বিদেশী ষড়যন্ত্র, অস্তিত্ব সংকটে জাতি ও রাষ্ট্র: মুক্তির উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যত তাড়াতাড়ি এ ব্যর্থ সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়াবে, জনগণের জন্য ততই ভালো হবে। বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।