সাংবাদিক নাদিয়ার ওপর হামলার ঘটনায় মামলা

একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনের ওপর হামলার ঘটনায় অবশেষে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর ইফতেখারুল আলম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। গত ৬ এপ্রিল রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে বিকাল সাড়ে তিনটার দিকে পুরানা পল্টন মোড়ে দায়িত্ব পালনরত অবস্থায় হেফাজত কর্মীরা একুশে টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার নাদিয়া শারমিনকে অমানুষিকভাবে পিটিয়ে জখম করে। তার সহকর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে।