রাত ১০টা-সকাল ৮টা সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের নির্দেশ

রাত ১০টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত বৈদ্যুতিক সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টার (এনএলডিসি) দেশের বিদ্যুত্ বিতরণ ব্যবস্থাপনা বিষয়ে এক পর্যালোচনা সভায় বিদ্যুত্ খাতের সংশ্লিষ্ট সব সংস্থাকে এ নির্দেশ দেয়। বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলাম এনডিসি, পিডিবি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব খান, আরইবি চেয়ারম্যান ব্রি. জে. মঈন উদ্দিনসহ বিদ্যুত্ বিতরণ ও সঞ্চালন কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, সেচ মৌসুমের বাকি দিনগুলোতে রাত ১০টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত সেচ কাজের জন্য লোড উন্মুক্ত থাকবে অর্থাত্ সেচযন্ত্রে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে তার পুরোটাই এ সময় সরবরাহ করা হবে। সভায় বিগত বছরগুলোর মত এবারো সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় বিদ্যুত্ উত্পাদন, সঞ্চালন ও বিতরণসহ সেচ ব্যবস্থাপনা জোরদার ও তদারকির নির্দেশ দেয়া হয়।