বৈশাখে একাধিক নাটক নিয়ে সজল
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ২১:২৮
প্রতি উত্সবেই এ সময়ের ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সজলের একাধিক নাটক ও টেলিফিল্ম বিভিন্ন চ্যানেলে প্রচার হয়। এই ধারাবাহিকতায় এবারও বিভিন্ন চ্যানেলে তার অভিনীত বেশ কিছু নাটক ও টেলিফিল্ম প্রচার হবে। এর মধ্যে এশিয়ান টিভিতে আজ সারিকার রচনা ও নুজহাত আলভির পরিচালনায় প্রচার হবে ‘শহর থেকে একটু দূরে’। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন নাটকটির রচয়িতা ও অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সারিকা। একুশে টেলিভিশনের জন্মদিন ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রচার হবে নাটক ‘চেনা চেনা লাগে’। লিটু সাখাওয়াতের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় এই নাটকে সজলের বিপরীতে অভিনয় করেছেন বিন্দু। এসএ টিভিতে প্রচার হবে নাটক ‘যে শহরে ধ্রুপদী নেই’। মোহন খানের রচনা ও পরিচালনায় এই নাটকে সজলের বিপরীতে অভিনয় করেছেন সারিকা। আরও অভিনয় করেছেন সাবাবা মোহন। মেজবাহ শিকদারের রচনা ও পরিচালনায় নাটক ‘গোধূলির কোণে দেখা আলো’ প্রচার হবে চ্যানেল আইয়ে। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। একুশে টেলিভিশনে আরও একটি নাটক প্রচার হবে সজল অভিনীত। এটির নাম ‘বেঁচে থাক ভালোবাসা’। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।