ভারতে দারিদ্র্য দূরীকরণে বিশ্বব্যাংকের ঋণ
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ২২:১৩
সরকারি প্রকল্প বাস্তবায়নে ঋণের ৬০ শতাংশ দেয়া হবে বাকি অর্থের অর্ধেক কিংবা ৩০ শতাংশ অর্থ যাবে ভারতের দরিদ্রতম রাজ্যগুলোর উন্নয়নে। ভারতের দরিদ্র রাজ্যগুলোতে চার বছর মেয়াদী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বছরে ৩শ’ থেকে ৫শ’ কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানিয়েছে, সরকারি প্রকল্প বাস্তবায়নে ঋণের ৬০ শতাংশ দেয়া হবে বাকি অর্থের অর্ধেক কিংবা ৩০ শতাংশ অর্থ যাবে দেশটির দরিদ্রতম রাজ্যগুলোর উন্নয়নে। এর আগের উন্নয়ন কৌশলে ১৮ শতাংশ অর্থ দরিদ্রতম রাজ্যগুলোতে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছিল। চলতি মাসের শুরুতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক দারিদ্র্য কমিয়ে আনার ব্যাপারে সহায়তার আহ্বান জানিয়েছিলেন। কিম বলেছিলেন, এ ক্ষেত্রে ভারতের জন্য প্রয়োগকৃত কৌশল বিশ্ব ব্যাংকের জন্য প্রথম পদক্ষেপ যার মাধ্যমে ভারতের দরিদ্রদের ওপর বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। বিশ্ব ব্যাংক জানিয়েছে, ভারতের মোট জনসংখ্যার সাড়ে ৫ শতাংশের দারিদ্র্য ২০৩০ সালের মধ্যে কমিয়ে আনার পরিকল্পনা নেয়া হয়েছে।