সিরিয়ায় সেনাবাহিনীর হামলায় নিহত ৪৫
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৩, ২২:১৪
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে সানামেইন শহরে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিরোধী আন্দোলন কর্মীসহ একটি পর্যবেক্ষণ গ্রুপ। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী বুধবার সানামেইন শহরে ঢুকে গোলা হামলা চালিয়ে এবং সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করে শিশুসহ ৪৫ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানায় ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। তবে এ ব্যাপারে সিরিয়ার রাষ্ট্রীয় কর্মকর্তারা তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
এলাকার অধিবাসীরা বলেছে, “বুধবার তুমুল লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনী শহরটিতে ঝটিকা অভিযান চালায়। তারা গোলাবর্ষণ করতে করতে শহরে ঢুকতে থাকে। এতে বিধ্বস্ত হয় কয়েকটি এলাকা। এর মধ্যে অস্ত্রধারী অন্যান্যরা লোকজনকে ধরে সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করে।”নিহত ৪৫ জনের নাম ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। তবে মৃতের প্রকৃত সংখ্যা আরো বেশিও হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। নিহত মানুষের মোট সংখ্যা নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রমি আব্দুল রহমানও। পরিস্থিতি এখনো অনেক ঘোলাটে হওয়ায় সেনাবাহিনীর হামলায় কতজন নিহত হয়েছে আর ঠান্ডা মাথার খুনে কত মানুষ মারা গেছে তা বোঝা যাচ্ছে না বলে রয়টার্সকে টেলিফোনে জানান তিনি। তবে বলেন, গোলাবর্ষণে বহুসংখ্যক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ওদিকে, দেরার বিরোধী কর্মীদের কয়েকটি গ্রুপ সেনা অভিযানের এ ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার কথা উল্লেখ করেছে।