মধুপুরে বন শিল্প উন্নয়ন সংস্থার অফিসে তালা

বন শিল্প উন্নয়ন সংস্থা মধুপুর জোনের ৫টি রাবার বাগানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা প্রচলিত স্কেলে বেতন-ভাতা ও চাকরি নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি পালন করায় এবং জোন অফিসে তালা ঝুলিয়ে দেয়ায় অচলাবস্থা বিরাজ করছে। দাবি আদায়ের লক্ষ্যে কর্মচারীরা গত বুধবার সবক’টি বাগান ব্যবস্থাপকের অফিস, প্রক্রিয়াজাতকরণের ধূমঘর এবং জোন অফিসে তালা ঝুলিয়ে দেয়। ফলে দাপ্তরিক কাজকর্মসহ রাবার কস পরিবহন, ধূমায়িতকরণ এবং প্রক্রিয়াজাতকরণ বন্ধ রয়েছে। কর্মচারীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে গত বুধবার মধুপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন। এতে বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়নের সম্পাদক বকুল মিয়া, আজমত আলী, রফিকুল ইসলাম ভোলা প্রমুখ।