হেফাজতের কর্মকাণ্ড নিয়ে হতাশ হওয়ার কিছু নেই

পেশাজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভায় বক্তারা বলেছেন, হেফাজতে ইসলাম কোনো ফ্যাক্টর নয়। তাদের কর্মকাণ্ড নিয়ে দেশবাসীর হতাশ হবারও কিছু নেই। কারণ শেখ হাসিনার সরকার জনগণের সরকার। জনগণকে নিয়েই এসব সমস্যার সমাধান হবে। সংখ্যালঘুদের ওপর বিএনপি-জামায়াতের নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার। তাই বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। যারা মন্দির-উপাসনালয়ে হামলা করেছে, হরতালে সহিংসতা করছে তারা যতবড় হোক না কেন তাদের কখনোই ক্ষমা করবে না সরকার। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি, জামায়াত শিবির নিষিদ্ধ ও নারী অধিকার সুরক্ষার দাবি এবং সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। আলোচনা সভার সঞ্চালক ছিলেন কৃষিবিদ আশরাফুজ্জামান। প্রকৌশলী আশরাফুল আলমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. মনসুর খান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব শীতাংশ গুহ প্রমুখ। আলোচনা সভায় অন্য বক্তারা হেফাজতে ইসলামকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, হেফাজতে ইসলাম বিএনপি-জামায়াতের সৃষ্টি।