পাকিস্তানে বাসে বোমা বিস্ফোরণে নিহত ৯

পাকিস্তানের পেশোয়ারে যাত্রীবাহী বাসে গতকাল শনিবার বোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং শিশু ও মহিলাসহ আরো ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। খবর ডন-এর। পুলিশ জানায়, খাইবার পখতুনওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের মতনি বাজারের মধ্য দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী বাসে এ বোমা হামলার ঘটনা ঘটে। লেডি রিডিং হাসপাতালের ডাক্তার সিরাজ জানান, আমরা ৮টি মৃতদেহ গ্রহণ করেছি। জরুরি বিভাগে চিকিত্সা দেয়ার সময় মারা যান আরো একজন। বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্য আব্দুল হক বলেন, চার থেকে পাঁচ কেজির মতো বিস্ফোরক ভর্তি একটি টাইম বোমা বাসের ছাদে রেখে দেয়া হয়। মতনি বাজার অতিক্রম করার সময় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। বোমার বিস্ফোরণে বাজারের কয়েকটি দোকান ধ্বংস হয় বলে পুলিশ জানায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটিতে ১৮ জন যাত্রী ছিল।