স্বপ্নের প্রজাপতি

পুরুষতান্ত্রিক সমাজে নারীদের ওপর শোষণ ও নির্যাতনের চিত্র নিয়ে তৈরি হলো নাটক ‘স্বপ্নের প্রজাপতি’। মানস পালের রচনা ও সুমন রায়ের পরিচালনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান মাসুদ, হুমায়রা হিমু, শিবা, সিজার, তুলিকা চৌধুরী, রুহুল আমিন প্রমুখ। নাটকের গল্পে কুসুম ও রঙিলা দুই বোন। যৌতুকের টাকা দিতে না পারায় কুসুমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তার স্বামী। এরপর রঙিলাকে সঙ্গে নিয়ে অন্য রকম এক সমাজের স্বপ্ন দেখতে থাকে সে। যে সমাজে নারী নির্যাতন, যৌতুকের কোনো স্থান থাকবে না। ক্রমে স্বপ্নের পথে দুই বোন সফলও হতে থাকে। নাটকে অভিনয় প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, ‘সামাজিক বিপন্নতাই এই নাটকের মূল উপজীব্য। নাটকের মাধ্যমে একটা পরিষ্কার মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিনোদনের পাশাপাশি এমন শিক্ষামূলক নাটক এখন কমই হয়। আমি বেশ খুশি হয়েছি এখানে অভিনয় করে।’ ‘স্বপ্নের প্রজাপতি’ নাটকটি শিগগিরই একটি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছে এর পরিচালক।