ডিএসইর ২০ শতাংশ লেনদেন নতুন কোম্পানি ঘিরে

শেয়ারবাজারে নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহে এ কোম্পানিগুলোর লেনদেন বেড়েছে। সামপ্রতিক সময়ের বেশিরভাগ দিনই বাজারে লেনদেন হচ্ছে এ কোম্পানিগুলো ঘিরে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনের ২০ দশমিক ২৩ শতাংশই হয়েছে নতুন যুক্ত হওয়া ৪টি কোম্পানিকে কেন্দ্র করে। কোম্পানিগুলো হলো ওরিয়ন ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, গ্লোবাল হেভী ক্যামিকেল এবং প্রিমিয়ার সিমেন্ট। এদিকে গতকাল বাজারে দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল বস্ত্র খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৬ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৬৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ৪৩ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হয়েছে ২০৬ কোটি ৯৮ লাখ ৬ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৫৮ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৭২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ২০৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ১৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৭ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ২৭ টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ১৮০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৩২টির আর অপরিবর্তিত ছিল ১২টি কোম্পানির শেয়ারের দর। ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভূক্ত তিন কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করেছে। হাইডেলবার্গ সিমেন্ট ৫০ শতাংশ নগদ লভ্যাংশ, তাকাফুল ইন্সুরেন্স ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং প্রগতি ইন্সুরেন্স সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ও সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার জন্য সুপারিশ করছে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ।