সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ২৫
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৩, ২০:৩৩
সিরিয়ায় রাজধানী দামেস্কের নিকটে বিদ্রোহী নিয়ন্ত্রিত কাবুন ও একটি কুর্দি অধ্যুষিত গ্রামে বিমান হামলায় ১২ শিশুসহ অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছে। গত রবিবার সরকারি বাহিনী এ বোমা হামলা চালায় বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
রাজধানীর পাশেই অবস্থিত কাবুনে সরকারি যুদ্ধবিমানগুলো বোমা হামলা করে। এতে নয় জন নিহত হয়। এদের ভেতর অনেক শিশুও রয়েছে। এদিকে একই দিনে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের হাদাদ গ্রামে বিমান হামলা পরিচালনা করা হয়। এসময় দু’জন নারী ও তিন শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয় বলে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে। গ্রামটিতে বেশিরভাগই কুর্দিদের বসবাস। হাসাকায় অবস্থিত এক মানবাধিকারকর্মী বলেন, বিমানগুলো যখন আঘাত হানলো বোমা থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া নির্গত হল। সারা শহর সেই ধোঁয়ায় যেন ছেঁয়ে গেল। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনা বাহিনী যখন কিছুটা ক্ষীণ তখন আসাদ বিদ্রোহীদের অগ্রসরমানতা ঠেকাতে পুরোপুরিই নির্ভর করছেন যুদ্ধবিমান আর হেলিকপ্টারের ওপর। বেসামরিক এলাকায় উপর্যুপরি অতর্কিত বিমান আক্রমণের ফলে আন্তর্জাতিক সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাকে। গত সপ্তাহে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বিমান হামলা চালিয়ে নির্বিচারে বেসামরিক জনগণকে হত্যা করাকে যুদ্ধাপরাধ বলে অভিযোগ করেছে। এ ঘটনায় এ পর্যন্ত আন্ততপক্ষে ৪,৩০০ জন নিহত হয়েছে। এ বছরের শুরুতে বিদ্রোহীরা কাবুন জেলা হস্তগত করার পর থেকেই সরকারি বাহিনী এখানে প্রতিনিয়তই হামলা চালিয়ে যাচ্ছে। আসাদবিরোধী যোদ্ধাদের দমনে রাস্তায় রাস্তায় সংঘর্ষ ও গুলির ঘটনায় এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।