মহারাষ্ট্রে জার্মান বেকারিতে হামলার ঘটনায় হেমায়েত বেগ দোষী সাব্যস্ত

ভারতের মহারাষ্ট্রের শহর পুনেতে একটি জার্মান বেকারিতে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় মির্জা হেমায়েত বেগ নামের এক জঙ্গি সদস্যকে দোষী সাব্যস্ত করেছে আদালত। হামলার পরিকল্পনা ও সেখানে বোমা রাখার দায়ে সোমবার পুনের আদালত তাকে দোষী সাব্যস্ত করে। আগামী ১৮ এপ্রিল তার দণ্ড ঘোষণার দিন নির্ধারিত করেছে আদালত। ২০১০ সালের ফেব্রুয়ারিতে জনপ্রিয় ওই বেকারিতে বোমা হামলায় ১৭ জন নিহত এবং প্রায় ৬০ জন আহত হন। এ ঘটনায় সন্দেহভাজনদের মধ্যে শুধু মির্জা হেমায়েত বেগ গ্রেপ্তার হন। মামলার তদন্ত কর্মকর্তারা জানান, ওই হামলায় জড়িত ইনডিয়ান মুজাহিদিনের সদস্য ইয়াসিন বাটকলসহ আরো কয়েকজনকে খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। ২০১০ সালের ৭ সেপ্টেম্বর হেমায়েত বেগকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। মহারাষ্ট্রের লাটোর জেলায় তার বাসা থেকে ১২০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, ২০০৮ সালে কলম্বোয় একটি বৈঠকে জার্মান বেকারিতে বোমা হামলার পরিকল্পনা হয়। সেখানে বোমা বানানোর কৌশল শেখেন হেমায়েত বেগ। উদগিরে নিজের সাইবার ক্যাফেতে বসে ওই বোমা বানান তিনি। তবে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, বোমা হামলার সময় হেমায়েত বেগ পুনেতে ছিলেন না। বোমা হামলার দুই বছর পর গত ফেব্রুয়ারিতে পুনের সেই বেকারি আবার চালু হয়।