রাজনীতির বলির পাঁঠা হচ্ছে সাধারণ মানুষ

রাজনীতির বলির পাঁঠা হচ্ছে সাধারণ। হরতালের ফাঁদে পড়ে সংকটের মধ্যে পড়েছে দিনমজুর শ্রেণির মানুষ। কেন এ হরতাল? সে প্রশ্নের কোনো উত্তর জনমানুষের জানা নেই। কিন্তু ভোগান্তি তাদেরই বেশি পোহাতে হচ্ছে। আত্মঘাতী পরিস্থিতির দিকে কেন রাজনৈতিক দলগুলো যাচ্ছে তা সাধারণ মানুষের বোধগম্য নয়। পুলিশকে কব্জি হারাতে হচ্ছে। পুলিশ পিটিয়ে আহত করে অস্ত্র কেড়ে নেওয়া হচ্ছে। এগুলো একটি সভ্য দেশের জন্য শুভ লক্ষণ নয়। রাজনীতির কলুষতায় দেশ পিছিয়ে যাচ্ছে। আর সেটার জন্য শতভাগ দায়ী দেশের রাজনীতিকরা। কিন্তু তাদের রোষের আগুনে কেন সাধারণ মানুষ পুড়ে ভস্ম হবে? পিকেটাররা প্রকাশ্যে বাসে আগুন ধরায়, তাদের অনেক ফুটেজ রয়েছে বিভিন্ন টিভি চ্যানেলের ক্যামেরায়। কেন সেগুলো দেখে তাদের চিহ্নিত করা হচ্ছে না? তাদের ধরে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হোক এবং সেসঙ্গে কঠোর শাস্তির বিধান রাখা হোক। হাজী মো. মজনু খান, তারাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ