সরিষাবাড়ীতে এমপির হাতে আওয়ামী লীগ নেতা প্রহূত
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৩, ২২:১৮
জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের হাতে গত শনিবার রাতে ডাক বাংলোতে পৌর আওয়ামী লীগের নেতা নূর-ই-আলম বাবু প্রহূত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগ নেতা ও পৌর নির্বাচনে রাজনৈতিক দ্বন্দ্বে পরাজিত মেয়র প্রার্থী নূর-ই-আলম বাবু উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরি নিয়োগে দলীয় কর্মীদের নিয়োগদানের বিষয়ে স্থানীয় এমপি ডা. মুরাদ হাসানের নিকট প্রস্তাব করেন। ওই প্রস্তাবকে কেন্দ্র করে এমপি ও আওয়ামী লীগ নেতার মধ্যে কথা কাটাকাটি হয়।
সূত্র আরো জানায়, সরিষাবাড়ী ডাক বাংলোতে এলাকার উন্নয়ন বিষয়ে ডিও লেটার চাইতে গেলে জামালপুর জেলা আইনজীবী পরিষদের সহ-সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট বদরুদুজা বাহাদুর, যমুনা সার কারখানার ভিআইপিতে এমপির প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, কুঠিরহাট ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন এবং গত শনিবার রাতে পৌর আওয়ামী লীগ নেতা নূর-ই-আলম বাবুকে প্রহূত করেন।