পত্রিকা প্রকাশনায় বাধা, স্বাধীনতার অপব্যবহার দুটোই অগ্রহণযোগ্য
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৩, ২২:৩২
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতার এবং পত্রিকার প্রকাশনায় বাধা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সোমবার আসক এর নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতার উপর কোন ধরনের হস্তক্ষেপ, পত্রিকার প্রকাশনায় বাধা দেয়া নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। আবার গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহারও কোনভাবে গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতার এবং পত্রিকার প্রকাশনা বন্ধ করায় আসক উদ্বেগ জানাচ্ছে। এর পাশাপাশি আসক মনে করে, গণমাধ্যম এবং এর সাথে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য আবশ্যক। বিগত কয়েক মাসে আমার দেশ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে। সংবাদে নানা অপপ্রচার চালিয়েছে, যার ফলে সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া এসব সংবাদ সংঘর্ষ ও নাশকতামূলক কর্মকাণ্ডকে উস্কে দিয়েছে।