থ্যাচারের শেষকৃত্য আগামীকাল
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৩, ২২:৩৩
লৌহমানবী হিসেবে খ্যাত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার জীবিতকালে আঁততায়ীর হামলা থেকে রক্ষা পেয়েছিলেন। মৃত্যুর পরও তার শেষযাত্রা নির্বিঘ্ন রাখতে অত্যন্ত সতর্ক ব্রিটেনের পুলিশ। আগামীকাল বুধবার তার অন্ত্যেষ্টিক্রিয়াকে সামনে রেখে ব্রিটেনের পুলিশ বড় ধরনের নিরাপত্তা অভিযানের পরিকল্পনা করেছে। তাদের আশঙ্কা, থ্যাচারের দমন-পীড়নের শিকার উগ্র বামপন্থী বিভিন্ন গ্রুপ, আইরিশ রিপাবলিকান আর্মি কিংবা কোনো ব্যক্তি অন্ত্যেষ্টিক্রিয়ায় হামলা চালাতে পারে। খবর এফপির।
অন্ত্যেষ্টিক্রিয়ার দিন পূর্ণ সামরিক মর্যাদায় থ্যাচারের লাশ লন্ডনের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠানে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নেতৃত্বে বিশ্ব নেতারা অংশ নেবেন। ফলে নিরাপত্তা ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে রয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।
গত শনিবার রাতে লণ্ডনের ট্রাফালগার স্কয়ারে শত শত লোক জড়ো হয়ে থ্যাচারের বিরুদ্ধে শ্লোগান দেয়। তাদের মধ্যে কিছু লোক বলেছে, থ্যাচারের অন্ত্যেষ্টিক্রিয়ার দিনও তারা ফিরে আসবে। বুধবারের অনুষ্ঠানে হামলার সূত্র পেতে পুলিশ সামাজিক যোগাযোগের সাইটগুলো খতিয়ে দেখছে। কারণ শনিবারের বিক্ষোভের বার্তা ফেসবুক ও টুইটারের মাধ্যমে ছড়ানো হয়।
ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামকারী আইরিশ বিপাবলিকান আর্মি (আইআরএ) ১৯৮৪ সালে তার ওপর বোমা হামলা চালায়। এসময় তিনি বেঁচে গেলেও ৫ জন নিহত হয়। মার্গারেট থ্যাচার গত ৮ এপ্রিল মারা যান।