রাজশাহী বিশ্ববিদ্যালয়
আনন্দের একটি দিন
প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:০২
চলছি উধাও, বল্গাহারা— ঝড়ের বেগে ছুট! রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশের এই কথার মতোই একে একে ২৭টি বছর পাড় করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এগিয়ে চলছে সুন্দর আগামীর পথে। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি গত বছরে পালন করেছে তার গৌরবময় ২৬ বছর। এবার ২৭ বছর পেড়িয়ে নতুন দিগন্তে পাখা মিলানোর আশায় সামনের পানে শুরু করেছে তাদের যাত্রা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহারের সবুজ চত্বরে এক ঝাক মেধাবী মুখের একান্ত প্রচেষ্টায় দিন দিন সাফল্যের সাধ গ্রহণ করছে এই সংগঠনটি। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৩৩ জন। তারা প্রত্যেকেই দেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের কর্মঠ সাংবাদিক। পড়াশুনার পাশাপাশি এই গুরুভার গ্রহণ করে তারা সবাই দেশকে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে। রোদ্র ঝড়কে হার মানিয়ে একে একে প্রায় দু’শত জনবল উপস্থিত হয়েছে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সামনে। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব দিনটিতে পালন করতে যাচ্ছে তাদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উত্সব। দিনটিতে দেশের বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, রাজশাহীর সাংবাদিক, বিশ্ববিদ্যালয় সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীর এক লম্বা সারিতে প্রেসক্লাব চত্বর যেন ভরে উঠেছিল জনস্রতে। এবারের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ মিজান উদ্দিন। সঙ্গে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। তাদের হাতেই সকাল ১০টার দিকে উদ্বোধন করা হয় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। প্রেসক্লাবের প্রাক্তন ও বর্তমান সদস্য, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালী গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকালে এক অচেনা আনন্দ ছড়িয়ে পরে সবার মাঝে। সাদা টি-শার্ট আর কালো ক্যাপে সবুজের ক্যাম্পাস এক নতুন রং ধারণ করে। বাজনার তালে তালে নাচ আর গান দিয়ে ক্যাম্পাসকে মাতিয়ে তোলে ক্লাবের সদস্যরা।