দামেস্কের চারপাশে সরকারি বাহিনীর বিমান হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিমানবাহিনী। এরই মধ্যে নগরীর পূর্ব এবং দক্ষিণ শহরতলীতে সেনাবাহিনীর সাথে বিদ্রোহীদের সাথে নতুন করে সংঘর্ষ হয়েছে বলে বিরোধী আন্দোলনকর্মীরা জানিয়েছে। এদিকে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের সত্যতার বিষয়টি তারা আরো বেশি গুরুত্বের সাথে বিবেচনা করছে যুক্তরাজ্য। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) সোমবার জানিয়েছে, দামেস্কের পূর্বদিকে অবস্থিত সেবিইনেহসহ বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়াব্রাউড, দৌমা, হারাস্তায় যুদ্ধ বিমান ব্যবহার করে বিমান হামলা চালানো হয়েছে। দামেস্কের উত্তর-দক্ষিণাঞ্চল কাবুনে বিমান হামলায় কমপক্ষে নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর পাশাপাশি সরকারি বাহিনীর হামলায় তছনছ হয়েছে জোবার জেলা। দামেস্কেও পূর্বে অবস্থিত জোবার জেলার আব্বাসিয়ান স্কোয়ারে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এদিকে, যুক্তরাজ্য বলেছে, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের সত্যতার বিষয়টি তারা আরো বেশি গুরুত্বের সাথে বিবেচনা করছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ জানিয়েছেন, এই দাবিটি অবশ্যই জরুরিভিত্তিতে তদন্ত করে দেখা হবে। ইতোমধ্যে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, পরীক্ষার জন্য সিরিয়া থেকে যুক্তরাজ্যে মাটির নমুনা নিয়ে আসা হয়েছে।