দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্কের সাথে বৈঠক করবেন ওবামা

কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের সঙ্গে বৈঠকে করবেন। আগামী সাত মে ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুই নেতার বৈঠকে অর্থনীতি ও নিরাপত্তাজনিত বিভিন্ন ইস্যু প্রাধান্য। তবে তাদের আলোচনায় কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ এবং উত্তর কোরিয়ার অব্যাহত হুমকির বিষয়টি গুরুত্ব পাবে বলে সোমবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়। এছাড়া ওবামা ও পার্ক দু’ দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা ও আধুনিকায়নের বিষয়েও আলোচনা করবেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গত শুক্রবার সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গেও বৈঠক করেছেন। দক্ষিণের বিরুদ্ধে উত্তর কোরিয়া একের পর এক হুমকি দেয়ার পর এই বৈঠকের ঘোষণা আসলো। পিয়ংইয়ং উত্তর কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতেও হামলার হুমকি দেয়।