উত্তর কোরিয়ার সীমান্তে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

উত্তর কোরীয় সীমান্তের কাছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার একজন প্রতিরক্ষা কর্মকর্তা এ কথা জানান। বার্তা সংস্থা ইয়নহুপ বিধ্বস্ত হেলিকপ্টারটিকে ইউএইচ-৬০ ব¬্যাক হুক বলে বর্ণনা করেছে। এটি উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন চেলওন জেলায় বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সঠিক কারণ জানা যায়নি। তবে ঘটনাটি এমন সময়ে ঘটলো যখন যুক্তরাষ্ট্র ও সিউল যৌথ সামরিক মহড়া চালাচ্ছে এবং কোরীয় উপদ্বীপে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জরুরি উদ্ধারকর্মীদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইয়নহুপ জানায়, হেলিকপ্টারে থাকা ১২ সেনা সদস্যের সকলেই জীবিত রয়েছে। উত্তর কোরিয়া সিউল-মার্কিন যৌথ সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে দেশটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় সামরিক হামলা চালানোর একাধিক হুমকি দিয়েছে। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে ২৮ হাজার ৫শ’ মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।