অস্ট্রেলিয়ার নির্বাচনে অ্যাসাঞ্জের বিজয়ের সম্ভাবনা কম :জরিপ

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিজয়ী হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। খবর এএফপির। মঙ্গলবার প্রকাশিত এক জরিপে একথা বলা হয়েছে। অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী অ্যাসাঞ্জ ১৪ সেপ্টেম্বরের নির্বাচনে সিনেটের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন। তার দল উইকিলিকস পার্টি চলতি মাসের গোড়ার দিকে আসন্ন নির্বাচনে কমপক্ষে তিনটি রাজ্যে প্রার্থী মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়। তার প্রচারাভিযানের পরিচালক গ্রেগ বার্নস এর আগে বলেছিলেন, দলটি অবশ্যই কয়েকটি আসনে বিজয়ী হবে। নিলসেন জরিপে দেখা গেছে, অ্যাসাঞ্জের বিজয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। দক্ষিণাঞ্চলীয় রাজ্য ভিক্টরিয়ায়তেই তার মাত্র ১৫ শতাংশ সমর্থন রয়েছে। তিনি এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। মঙ্গলবার ফেয়ারফ্যাঙ পত্রিকায় জরিপটি প্রকাশিত হয়।